ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, এসব বিস্ফোরণ পাকিস্তানের ড্রোন হামলার ফলাফল বলে তারা সন্দেহ করছে।
বিজেপির জ্যেষ্ঠ নেতা ভারিন্দার জিৎ সিং এএফপিকে জানিয়েছেন, “বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে, মনে হচ্ছিল যেন চারপাশে বোমা ফাটছে। পুরো এলাকা ব্ল্যাকআউট হয়ে গেছে।”
জম্মুর এক বাসিন্দা লিয়াকত জানিয়েছেন, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রয়টার্সের একজন সাংবাদিকও জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখার কথা জানিয়েছেন।
ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তার দাবি, জম্মুর বিভিন্ন স্থানের পাশাপাশি পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়াতেও হামলা হয়েছে। তিনি জানান, “আমাদের সেনা স্থাপনাগুলো হামলার মুখে পড়েছে। জম্মুর পাঁচ জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।”
পাকিস্তান এই বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সম্প্রতি বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ ক্রমশ নিশ্চিত হয়ে উঠছে।
জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিচালক শেষ পল ভাইদও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করেছেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।






















































