স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচের ফল নিয়ে কিছুটা হতাশ হলেও ইতিবাচক ভাবনা ছাড়ছেন না হামজা। ইংল্যান্ডে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন,
“যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি— যদিও আমরা কঠোর পরিশ্রম করেছি! তবে সব সময়ের মতো বাংলাদেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এবারের আন্তর্জাতিক বিরতি থেকে অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে। দেখা হবে নভেম্বরে, ইনশাআল্লাহ।”
২৮ বছর বয়সী এই ফুটবলার চলতি মাসের ফিফা উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচেই খেলেছেন। প্রথম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশ ৪–৩ গোলে হেরে যায়। পাঁচ দিন পর কাইতাক স্টেডিয়ামে ফিরতি ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।
চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে তাদের সামনে এখনো দুটি ম্যাচ বাকি — ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে খেলতে নেমে প্রতিবারই নতুন অনুপ্রেরণা খুঁজে পান হামজা। তিনি বলেন,
“এই দলের প্রতিটি খেলোয়াড় নিজের সর্বোচ্চটা দিতে চায়। আমি বিশ্বাস করি, আমরা আরও ভালো করব, ইনশাআল্লাহ।”




















































