আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সেনাপ্রধান মুহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষের দিকে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয়। ওই হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তখন ইসরায়েল জানিয়েছিল, হামলার মূল লক্ষ্য ছিল সেনাপ্রধান আল-ঘামারি ও হুতিদের উচ্চপদস্থ সামরিক নেতৃত্ব।
এর আগে গত বৃহস্পতিবার নিজেদের এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরাও সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, আবদ করিম আল-ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। তারা সরাসরি ইসরায়েলকে দায়ী না করলেও জানিয়েছে, “ইসরায়েলের সঙ্গে আমাদের সংঘাত এখনো শেষ হয়নি। তারা তাদের অপরাধের যথাযথ শাস্তি পাবে।”
তবে এবার আইডিএফ আনুষ্ঠানিকভাবে ঘামারিকে হত্যার দায় স্বীকার করেছে।
২০১৬ সালে হুতি বিদ্রোহীদের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পান আবদ করিম আল-ঘামারি। পরবর্তীতে ২০২১ সালে তিনি হুতিদের সর্বাধিনায়ক বা কমান্ডার-ইন-চিফ পদে উন্নীত হন। জাতিসংঘ তখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ হিসেবে বলা হয়—তিনি ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
মার্কিন ট্রেজারি বিভাগও পরবর্তীতে তার বিরুদ্ধে অনুরূপ পদক্ষেপ নেয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেন,
“যেসব সন্ত্রাসী আমাদের ক্ষতি করতে চায়, তাদের একজনকেও আমরা ছাড় দেব না। হুতিদের সেনাপ্রধানকে নির্মূল করা হয়েছে—আমরা তাদের সবাইকেই খুঁজে বের করব।”
বিশ্লেষকদের মতে, আবদ করিম আল-ঘামারির মৃত্যু ইয়েমেনে হুতিদের সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা দেবে। তবে এতে ইসরায়েল-হুতি সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।


















































