স্টাফ রিপোর্টার:
বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ, সুষ্ঠু ও ত্রুটিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সম্প্রতি পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “আমরা খুবই খোলামেলা আলোচনা করেছি, যাতে মালয়েশিয়া সরকারের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াকে পরিষ্কার, সহজ ও স্বচ্ছ করব।”
তিনি স্বীকার করেন, বর্তমান প্রক্রিয়ায় কিছু ত্রুটি রয়েছে যা দূর করা জরুরি। “মালয়েশিয়ার শ্রমিক দরকার, আর আমাদের প্রয়োজন দেশের মানুষকে মর্যাদা, অধিকার ও সুবিধাসহ বিদেশে কাজের সুযোগ দেওয়া। সমস্যা কোথায় হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করতে হবে,” যোগ করেন প্রধান উপদেষ্টা।
বার্নামার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জুলাই ঘোষণাপত্র, দলীয় সংস্কার উদ্যোগ এবং শ্রমবাজার স্থিতিশীল রাখতে উভয় দেশের সদিচ্ছা বিষয়ে আলোচনা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী আছেন—যা দেশটির সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী। তারা মূলত নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে কাজ করছেন।
উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে, যা দু’দেশের শ্রমবাজার সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।






















































