ইংল্যান্ডের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছেন জ্যাকব বেথেল

0
227

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হতে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২১ বছর বয়সেই দলকে নেতৃত্ব দেবেন তিনি।

ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। সিরিজটিতে খর্বশক্তির দল নিয়েই নামবে ইংল্যান্ড। নিয়মিত সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক বিশ্রামে থাকবেন, সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, বেন ডাকেট ও জেমি স্মিথকে। ফলে নেতৃত্বের ভার পড়েছে বেথেলের কাঁধে।

এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড মন্টি বাউডেনের দখলে, যিনি ১৮৮৯ সালে ২৩ বছর ১৪৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। সবকিছু পরিকল্পনা মতো হলে, ১৩৬ বছর ধরে অটুট থাকা এই রেকর্ড ভাঙবেন বেথেল।

গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া বেথেল এরই মধ্যে খেলেছেন চারটি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ। তার নেতৃত্বগুণে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

নির্বাচক লুক রাইট বলেন, “ইংল্যান্ড দলে যোগ দেওয়ার পর থেকেই জ্যাকব তার নেতৃত্বের গুণে সবাইকে মুগ্ধ করেছে। আয়ারল্যান্ড সিরিজ তার জন্য দক্ষতাকে আন্তর্জাতিক মঞ্চে শাণিত করার দারুণ সুযোগ।”

আয়ারল্যান্ড সফরের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক) ও লুক উড।

Previous articleবাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়ায় একমত বাংলাদেশ ও মালয়েশিয়া
Next articleজুলাইয়ে রাজস্ব আদায়ে ঘাটতি, প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here