সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ঘটেছে এ ঘটনা
📍 ঢাকা | ১৯ জুলাই ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানের সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বক্তব্য প্রদানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলেও আবারও শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে মঞ্চেই বসে বক্তব্য চালিয়ে যান জামায়াতের এই শীর্ষ নেতা।
চিকিৎসকের পরামর্শে তিনি বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বিদায়ী বার্তা জানান। এরপর দলের অন্যান্য নেতারা তাকে মঞ্চ থেকে সহায়তার মাধ্যমে নামিয়ে নিয়ে যান।
পরে অসুস্থ ডা. শফিকুর রহমানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এর আগে দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। যদিও আনুষ্ঠানিক সময় ছিল বিকেল ২টা, কিন্তু গতকাল (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের ঢল নামে উদ্যানে।
ভোর থেকে শুরু হয় বড় আকারের মিছিল। দলীয় মনোগ্রাম ও দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত টি-শার্ট ও ব্যানারে সমাবেশস্থলে হাজির হন হাজার হাজার কর্মী। রাজধানীর বিভিন্ন প্রবেশপথেও ছিল চোখে পড়ার মতো তাদের উপস্থিতি।























































