পাকিস্তানের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, প্রমাণ চাইলেন বিশ্লেষকরা

0
169

ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ও একটি বড় উড়োজাহাজ ভূপাতিত করেছে ভারত। তার দাবি, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানগুলো ধ্বংস করা হয়।

শনিবার বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে তিনি বলেন, চার দিনের এই যুদ্ধে ভারতীয় বাহিনী আকাশযুদ্ধে “উল্লেখযোগ্য সাফল্য” পেয়েছে।

তবে যুদ্ধ শেষ হওয়ার তিন মাস পর এমন দাবি ঘিরে সংশয় প্রকাশ করেছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাফল্যের প্রমাণ—যেমন ধ্বংসাবশেষের ছবি, স্যাটেলাইট চিত্র বা আন্তর্জাতিক পর্যবেক্ষকের তথ্য—প্রকাশ না করায় দাবি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক সুশান্ত সিং বলেন, “পাকিস্তানের ভূপাতিত বিমানের কোনো ছবি বা ধ্বংসাবশেষ দেখানো হয়নি। বর্তমান সময়ে সামাজিকমাধ্যম, স্যাটেলাইট নজরদারি ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এমন ঘটনা গোপন রাখা প্রায় অসম্ভব।”

এ ছাড়া পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ব্যবহার করে, যার কার্যক্রম যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ ধরনের ক্ষতির খবরও ওয়াশিংটনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য সামনে আনছে, যাতে জনমত অন্যদিকে সরানো যায়।

গত ৭ মে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানও দাবি করেছিল, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের কয়েকটি স্থানে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ পেলেও পাকিস্তানের ভেতরে এমন প্রমাণ দেখা যায়নি।

বিশ্লেষকদের মতে, প্রমাণ ছাড়া বিমানবাহিনী প্রধানের দাবি শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, নিজের বাহিনীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করতে পারে।

Previous articleলিভারপুলকে হারিয়ে শিরোপা জয়ের পরদিনই দুঃসংবাদ পেল ক্রিস্টাল প্যালেস
Next articleবাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here