নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: ইসি সচিব

0
177

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করা হবে।”

তিনি জানান, এনসিপির প্রতীক ও নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত কাজও চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে। মাঠ থেকে প্রাপ্ত তথ্য যাচাই করতে কিছুটা সময় লাগছে বলেও উল্লেখ করেন তিনি।

রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন,

“সবকিছু শতভাগ করা সম্ভব নয়। কিছু জায়গায় সমন্বয় করতে হয়েছে, কিছু কাজ শেষ হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে, আবার কিছুতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।”

বিএনপির আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন বিষয়ে চিঠির কথা উল্লেখ করে সচিব বলেন, কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

“নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ এখন পর্যন্ত দেখা যায়নি,” — যোগ করেন তিনি।

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে কমনওয়েলথের একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

বৈঠক শেষে ইসি সচিব জানান, কমনওয়েলথ প্রতিনিধি দল কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। আলোচনায় আরপিও, নির্বাচনী আচরণবিধি, পর্যবেক্ষক উপস্থিতি, ভোটার তালিকা হালনাগাদসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রযুক্তির অপব্যবহার রোধ নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৬ থেকে ১৮ জনের একটি টিম কাজ করবে, আর বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রশাসন ও পুলিশ।

রিফর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন-সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সংশোধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান আখতার আহমেদ।

Previous articleকীটনাশকের কাঁচামালে শুল্ক ছাড় দেবে সরকার
Next articleজুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম নির্বাচিত সংসদ: সালাহউদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here