নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৫ অক্টোবর ২০২৫
দেশে স্থানীয়ভাবে কীটনাশক উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনকে (বিএএমএ) পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় উৎপাদকরা শুল্ক ছাড়ের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে প্রস্তুত কীটনাশক আমদানিতে শুল্ক ৫ শতাংশ হলেও কাঁচামাল আমদানিতে শুল্কহার ৩০ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত। ফলে দেশের বাজারে আমদানিনির্ভরতা বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়—ওষুধ শিল্পের মতো কীটনাশক উৎপাদনের জন্যও আলাদা নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা হবে। এতে স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির সুযোগ তৈরি হবে।
বিএএমএ সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, “শুল্ক কমালে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। এতে কৃষকের কাছে পণ্যের দামও অন্তত ৩০ শতাংশ কমে আসবে।”
বর্তমানে দেশে কীটনাশকের বাজার সাড়ে ৭ হাজার কোটি টাকা। এর ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে সাতটি বহুজাতিক কোম্পানি। দেশি উৎপাদকদের অংশ মাত্র ৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, নীতিগত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের কীটনাশক চাহিদা স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে রপ্তানির সুযোগও তৈরি হবে।





















































