নারী অনূর্ধ্ব–১৯ দলে নির্বাচনে অনিয়মের অভিযোগ, এনএসসিকে জবাব দিল বিসিবি

0
149

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা ● ১৫ নভেম্বর ২০২৫, ২৩:৪৪

নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটার রিয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত নথি–পত্র পর্যালোচনা করে বিসিবি জানিয়েছে, নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।

বিসিবি আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, ৮ সেপ্টেম্বর রিয়া আক্তার এনএসসিকে লিখিত অভিযোগ দিলে ১৭ সেপ্টেম্বর বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা চাইতে চিঠি পাঠায় এনএসসি। তবে চিঠির জবাব দিতে দুই মাস সময় লাগার কারণ হিসেবে বিসিবি জানিয়েছে—তখন বোর্ডের বেশির ভাগ বিভাগ পরিচালনা পর্ষদের নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত ছিল এবং নিয়মিত কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল।

৬ অক্টোবর নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে বিসিবি জানায়, ‘প্রাপ্ত নথি–পত্রের ভিত্তিতে অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’

রিয়া আক্তারের অভিযোগের আরও কিছু অংশ নারী ক্রিকেটে অনিয়ম–অসদাচরণ নিয়ে করা জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহের সঙ্গে মিলে যায়। বিসিবি জানিয়েছে, এসব অভিযোগ পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

Previous articleরমজানের আগে নিত্যপণ্যের আমদানি বিল পরিশোধে ৯০ দিনের সময় দিল বাংলাদেশ ব্যাংক
Next articleশেখ হাসিনার মামলার রায় কাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here