ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘ধর্ষণবিরোধী মঞ্চে’র ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানিয়েছেন, ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। বর্তমানে সেখানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছেন। সমাবেশ শেষে তারা মশাল মিছিল বের করবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরাও ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। সন্ধ্যায় তারা ইডেন কলেজের সামনে মশাল মিছিল নিয়ে জড়ো হন। পরে মিছিলটি নীলক্ষেতের দিকে অগ্রসর হয়।
ডেইলি স্টারের আলোকচিত্রী জানিয়েছেন, ইডেন কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি দৃঢ় প্রতিবাদ ও সচেতনতা তৈরির বার্তা দেয়।























































