টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ জাপানের

0
115

বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওসাকার শীর্ষস্থানীয় জাপানি ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা জানায় জাপানের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি প্রতিনিধি দল জাপানের ডাইকিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শোজি উহোরার সঙ্গে বৈঠক করেন। দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল জাপান সফর করছে। প্রতিনিধিদলে বিডার মহাপরিচালক, বিডার ব্যবসা উন্নয়ন প্রধান, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করা। উল্লেখ্য, জাপানে ডাইকিন এয়ার কন্ডিশনিং, অটোমোটিভ পণ্য ও সেমিকন্ডাক্টর শিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বৈঠকে তারা বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ প্রতিনিধিদল ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) চেয়ারম্যান মোইশিমা হিরোমিতসু এবং জাপানের বৃহৎ প্রতিষ্ঠান টেক্সটাইল, যন্ত্রপাতি, ধাতু ও খাদ্য খাতে অন্যতম বিনিয়োগকারী ইতোচু কর্পোরেশনের অ্যাম্বাসাডর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসাহিরো ইমাইয়ের সঙ্গে আলোচনা করেন। ওসিসিআই’র চেয়ারম্যান মোইশিমা হিরোমিতসুর সঙ্গে বৈঠকের সময় জাপানের ইলেকট্রনিক্স, ধাতু, উৎপাদন, টেক্সটাইল ও আইটি শিল্পের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাঁরা পারস্পারিক ব্যবসায়িক সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ বিষয়ক আলোচনা করেন। এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমরা জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি জাপানি ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, বৈঠকগুলো বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পথ সুগম করবে।

Previous articleরাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ
Next articleসিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সিএলপি’র সংখ্যা এক লাখ ছাড়িয়েছে : এনবিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here