৫ ইসলামী ব্যাংক একীভূত, আসছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

0
199

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, “পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ব্যাংকে অস্থায়ী প্রশাসক দল নিয়োগ দেওয়া হবে।”

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য নাম— ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।

বড় অঙ্কের খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের ৪৮ থেকে ৯৮ শতাংশ ঋণই খেলাপি হয়ে গেছে। একীভূতকরণ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা।

নিয়ন্ত্রণে ছিল বেসরকারি গ্রুপ

দীর্ঘদিন ধরে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করেছে এস আলম গ্রুপ। অন্যদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে।

আইন সংশোধনের অনুমোদন

একই বৈঠকে বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে বোর্ডে ডেপুটি গভর্নরের সংখ্যা দুই থেকে কমিয়ে একজন করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে দেশের ব্যাংক খাতের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous articleযুক্তরাষ্ট্রে শুল্ক পরিবর্তনের কারণে বাংলাদেশের পোস্টাল পার্সেল স্থগিত
Next articleনির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিপক্ষে বিএনপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here