জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ-২০২৫ প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, এভাবে আইনি ভিত্তি দিলে সনদকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা প্রস্তাব করেছি সংবিধান আদেশ-২০২৫ এর মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট হলে এটি আরও শক্তিশালী হবে।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদের ৮৪টি বিষয়ে একমত হয়েছে। তাই বাস্তবায়নে আর কোনো বাধা নেই। সনদ সই হলেই তা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে।
আযাদ আরও বলেন, অতীতে সাংবিধানিক সংশোধনী রহিত করা হয়েছে, ষোড়শ সংশোধনীও বাতিল হয়েছে। তাই সংবিধান আদেশ ছাড়া বিকল্প নেই। সাংবিধানিক আদেশ চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সংবিধান আদেশ হলে তা হবে শক্তিশালী ও স্থায়ী।























































