রাশিয়া হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরকন নিক্ষেপ করেছে এবং সুখই-৩৪ বোমারু বিমান দিয়ে হামলার অনুশীলন চালিয়েছে। বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘জাপাদ’-এর অংশ হিসেবে এই মহড়া চলছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নর্দান ফ্লিটের অ্যাডমিরাল গোলভকো যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজ থেকে উল্লম্বভাবে ছোড়া ক্ষেপণাস্ত্র দিগন্তের দিকে ছুটে যাচ্ছে।
২০১৯ সালে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, জিরকন শব্দগতির নয় গুণ গতিতে উড়তে পারে এবং এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রুশ গণমাধ্যম বলছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪০০ থেকে ১,০০০ কিলোমিটার এবং এর ওয়ারহেডের ওজন ৩০০ থেকে ৪০০ কেজি।
এই মহড়ায় নর্দান ফ্লিটের অ্যান্টি-সাবমেরিন বিমানও অংশ নিয়েছে। সু-৩৪ ক্রুরা স্থলভাগে বোমা হামলার অনুশীলন করেছে।
মস্কো ও মিনস্ক জানিয়েছে, মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশকে লক্ষ্য করে নয়। তবে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ঢোকার ঘটনায় ন্যাটোর সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এ মহড়া নতুন করে গুরুত্ব পাচ্ছে।




















































