অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধা নেই। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সনদ বাস্তবায়ন করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। তবে প্রশাসনে যারা দায়িত্ব পালনের সময় বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা ভবিষ্যতেও দেশের জন্য কাজ করবেন। আর যারা রাজনৈতিক নির্দেশে অপরাধে জড়িত ছিলেন, তাদের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সকালে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল সভাপতিত্ব করেন। সভায় জেলা বিএনপি, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।























































