জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

0
228

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, এই নির্বাচন যেন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘিরে ব্যাপক উদ্দীপনা নিয়ে প্রস্তুতি নেবে।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। অভ্যুত্থানকে ব্যর্থ করতে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি গুজবের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে। তিনি জানান, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজেও সফলতা এসেছে।

চীনে সফরের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সফরে চীনের প্রেসিডেন্ট ও শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক হবে। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই। তিনি বিগত সরকারের সময় হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি সাইবার সুরক্ষা আইন সংস্কারের প্রতিশ্রুতি দেন।

তিনি স্টারলিংকের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে জানান, স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে দেশের ডিজিটাল অগ্রগতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক অধিবেশন আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করা হবে।

অধ্যাপক ইউনূস জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদ জাতির ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হবে।

নারীর অধিকার এবং সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবার অধিকার নিশ্চিত করতে হবে।

Previous articleযারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে, তারা শত্রু: হাসনাত আব্দুল্লাহ
Next articleসেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্নপূরণে সব সময় পাশে থেকেছে: সেনাপ্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here