গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ

0
162

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে আগামীকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া আগামী ১১ নভেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে যে কোনো দিন গণভোট আয়োজনের দাবি জানিয়েছি আমরা। আগামীকাল সকালে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবো।”

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “গণভোট যেন সংসদ নির্বাচনের আগে এবং পৃথক দিনে হয়—এ দাবি জানানো হবে। নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হলে বিষয়টি গৌণ হয়ে যাবে।”

জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরাসরি কোনো জোটে যাচ্ছি না। তবে যুগপৎ আন্দোলনে থাকা সাতটি দলসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখনো আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।”

আইনশৃঙ্খলা প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “সুষ্ঠু নির্বাচনে বাধা হয় এমন কিছু হলে যেন সরকার কঠোরভাবে ব্যবস্থা নেয়—এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা চাই সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবেই থাকুক এবং ভোটের নিরাপত্তা নিশ্চিত করুক।”

এদিন বিকেল সাড়ে ৩টায় সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন হামিদুর রহমান আযাদ।

Previous articleঅক্টোবরে মূল্যস্ফীতি নামল ৮.১৭ শতাংশে, ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন
Next articleনির্বাচন ও গণভোট একই দিনে না হলে মেনে নেবে না জনগণ: ফখরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here