আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সক্ষম বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তুরস্কের আনাদোলু সংস্থার খবরে বলা হয়েছে, ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর একটি প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২ থেকে ৪টি বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে। এই বিমানগুলো ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম বলে ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানিয়েছে।
‘ফর্দো’ এখন বড় লক্ষ্যবস্তু
জানা গেছে, ইরানের কোম শহরের নিকটবর্তী একটি পাহাড়ের নিচে সুড়ঙ্গের ভেতরে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনাটি আগে থেকেই সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সেনা কর্মকর্তা হারেৎজকে বলেন, “আমাদের যদি হামলার নির্দেশ দেওয়া হয়, আমরা অবশ্যই পদক্ষেপ নেব।”
বিমানগুলো কোথায় যাচ্ছে?
প্রতিবেদনে আরও বলা হয়, বিমানগুলো যুক্তরাষ্ট্রের হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস (মিসৌরি রাজ্য) থেকে রওনা হয়ে গুয়াম দ্বীপ অভিমুখে গেছে। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি। তবে বিমানগুলো দিয়েগো গার্সিয়ায় মোতায়েন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
৩০ হাজার পাউন্ড ‘বাঙ্কার ব্লাস্টার’ বহনে সক্ষম
যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-ব্লাস্টার বোমা বহনে সক্ষম, যা ভূগর্ভস্থ শক্ত ঘাঁটিতে সরাসরি আঘাত হানতে পারে। এই সক্ষমতার কারণে ফর্দোর মতো সুড়ঙ্গ-ভিত্তিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে।
ইরানের পারমাণবিক ক্ষমতা পেছাতে পেরেছে ইসরায়েল: গিদেওন সার
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জার্মানির বিল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের হিসেব অনুযায়ী, ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে।”




















































