ঢাকা, সোমবার
বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা মাঝপথে মুলতবি করা হয়েছে। আলোচ্য তালিকায় ১৯টি প্রকল্প থাকলেও অষ্টম প্রকল্পে আলোচনার সময়ই সভা স্থগিত করা হয়। বাকি প্রকল্পগুলো পরবর্তী সভায় আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন ।
সভাসূত্রে জানা গেছে, তালিকার প্রথম সাতটি প্রকল্পের মধ্যে পাঁচটি অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৮৩ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ এবং বৈদেশিক ঋণ ৯২ কোটি টাকার বেশি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সংশোধিত ও মেয়াদ বৃদ্ধি পাওয়া একাধিক প্রকল্প। এর মধ্যে সামাজিক অবকাঠামো উন্নয়ন, চর উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, করতোয়া নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (পিআরডিবি-৪) প্রকল্প দুটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানান, এটি সরকারের প্রথম একনেক সভা হওয়ায় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। বিশেষ করে করতোয়া নদী প্রকল্প নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। প্রয়োজনীয় তথ্য ও যৌক্তিকতা যাচাই ছাড়া কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি।
পরে প্রধানমন্ত্রীর অন্য একটি জরুরি বৈঠক থাকায় সভা মুলতবি করা হয়।
এদিকে, তালিকায় থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প—যেমন সচিবালয়ে নতুন ভবন নির্মাণ, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও সড়ক উন্নয়ন প্রকল্প—এদিন আলোচনায় আসেনি।
সভায় আরও দুটি নতুন প্রকল্প উপস্থাপনের কথা ছিল, যার মধ্যে নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কাস্টমস আধুনিকায়ন প্রকল্প রয়েছে। তবে এসব বিষয়ও পরবর্তী সভায় তোলা হবে বলে জানা গেছে।























































