ঢাকা, ৩১ মার্চ — -এর মহাসচিব বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এসএমই ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ‘জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজেদের আলাদা মনে না করে দেশের মূল জনগোষ্ঠীর অংশ হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে তাদের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে পারস্পরিক সৌহার্দ্য ধরে রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে সরকার তা সমাধানে উদ্যোগ নেবে। তাদের উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।”






















































