ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৬ জন সংসদ সদস্য আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। একই দিনে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদের সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের চিঠির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে ধাপে ধাপে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত সংসদ সচিবালয়ের একটি চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে শপথ অনুষ্ঠান আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।























































