বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি রাজধানীর বেইলি রোডে চরমোনাই পীরের বাসভবনে যান।
দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর জাতীয় ঐক্যের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান। পরে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের মধ্যে ২৫৭ আসনে প্রার্থী দেয়। বরিশাল-৫ আসনে দলটির প্রার্থী মুফতি ফয়জুল করীমের সঙ্গে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য। ওই আসনে মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।




















































