নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা আগামীকাল অথবা পরশুর মধ্যে চূড়ান্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সোমবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
আসন সমঝোতার ঘোষণার সময় জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা আগামীকালের মধ্যেই দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে উপস্থিত হব।’
তরুণ প্রজন্মের সমর্থন নিয়ে তিনি বলেন, ‘যুবকেরা বিশ্বাস করে—জামায়াতে ইসলামী কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে। এই বিশ্বাসের প্রতিফলন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি।’
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে জামায়াত আমীর জানান, বৈঠকে নির্বাচনী পরিবেশ ও তথাকথিত “লেভেল প্লেয়িং ফিল্ড” নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি, কিছু চ্যালেঞ্জ আছে। তবে সেগুলো আগে যাদের দায়িত্ব তাদের জানাব—প্রধানত নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা করা সরকারের দায়িত্ব। যদি এখানেই সমাধান পাওয়া যায়, তাহলে বাইরের কাউকে জানানো হবে না। না হলে জনগণকে জানানো হবে।’
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে—এ প্রশ্ন ইইউ প্রতিনিধি দল করেছে। আমরা বলেছি, নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়তে চাই না। বরং সারা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
এ সময় মূলধারার কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘কতিপয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যাচ্ছে। গণমাধ্যমের কাজ দলীয় ভূমিকা পালন করা নয়। তারা গণমাধ্যমের অবস্থান থেকেই দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’























































