আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করল তিন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটির নাম দেওয়া হয় ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনার পর এই যৌথ উদ্যোগে তিন দল এক হয়েছে। “গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতেই আমাদের এই জোট। নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্যও,” বলেন তিনি।
জোটের নেতৃত্ব কার হাতে থাকবে—এমন প্রশ্নে নাহিদ ইসলাম জানান, এখনো কোনো প্রধান নির্ধারিত হয়নি। “এখানে ব্যক্তির চেয়ে দাবি ও লক্ষ্যই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জোটের প্রধান,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “পুরোনো রাজনীতিতে মানুষের বিরক্তি এসেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আছে।” রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই যাত্রা শুরু।
জোটের নেতারা দেশের বিভিন্ন স্থানে তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান। নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “গায়ের জোরে আধিপত্য দেখিয়ে কেউ নির্বাচন করতে চাইলে তার পরিণতি ভালো হবে না।”
নেতারা জানান, জোটে আরও দল যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।























































