রমজানের আগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি বিল পরিশোধে বড় ধরনের শিথিলতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মশলা ও খেজুর—এই অত্যাবশ্যকীয় পণ্যগুলো ৯০ দিনের বাকিতে আমদানি করা যাবে।
গতকাল (১২ নভেম্বর) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য ৯০ দিনের মেয়াদে আমদানি করা যাবে। এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে নগদ মার্জিন শিথিল করে ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এবার বিলম্বিত অর্থ পরিশোধের সুবিধা যুক্ত হওয়ায় আমদানিকারকদের চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, রমজানে বাজারে চাপ বাড়ে। প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এতে বাজারে অস্থিরতা কমবে বলেও আশা করা হচ্ছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, আমদানিকারকদের পরিশোধ ব্যবস্থাপনায় বাড়তি নমনীয়তা তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজানকে সামনে রেখে সরকার ইতোমধ্যে কয়েক দফায় নিত্যপণ্যের আমদানিতে নীতি–সহায়তা ও শুল্ক–সুবিধা দিয়েছে।




















































