নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার সন্ধ্যা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আজ শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’
গণভোট প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে না পরে গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনো নির্বাচন কমিশনে আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কেও আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। চূড়ান্ত হলে সিদ্ধান্ত জনসমক্ষে জানানো হবে।’
প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।’
তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি ও প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সব দলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করে ইসি আনোয়ারুল বলেন, ‘আমরা চাই, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে।’























































