চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচকরা শুল্কসহ বিভিন্ন ইস্যুতে একটি চুক্তির কাঠামো নিয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছেন। আসন্ন সপ্তাহে দুই দেশের শীর্ষনেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আগে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, নেতারা চাইলে এই কাঠামো পর্যালোচনা করে চূড়ান্ত করতে পারবেন। চীনের প্রধান আলোচক লি চেংগ্যাং বলেন, আলোচনা ছিল খোলামেলা ও গভীর, এবং উভয় পক্ষ প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে।
আলোচনায় উঠে এসেছে পারস্পরিক শুল্কবিরতি সম্প্রসারণ, বিরল খনিজ ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ, ফেন্টানিল পাচার মোকাবিলায় সহযোগিতা ও সাম্প্রতিক বন্দর ফি–সংক্রান্ত ইস্যু।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই কাঠামোতে মার্কিন কৃষকদেরও সুবিধা থাকবে। তবে উভয় পক্ষই সতর্ক করে বলেছে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
লি চেংগ্যাং বলেন, এখন পরবর্তী ধাপ হলো দুই দেশের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা।
📍 সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস / দ্য বিজনেস স্ট্যান্ডার্ড



















































