নির্বাচনের পথে ‘ঐক্যের সুর’ নিয়ে এগোতে চান প্রধান উপদেষ্টা

0
87

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে যে ‘ঐক্যের সুর’ সৃষ্টি হয়েছে, সেই সুর নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে আসন্ন নির্বাচনের পথে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যাব। সনদে যারা স্বাক্ষর করেছেন, প্রয়োজনে তারা আবারও বসবেন—কীভাবে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, তা নির্ধারণ করবেন।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ দিয়ে বাংলাদেশ বদলে যাবে। ছাত্রদের গণঅভ্যুত্থানের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। আমরা পুরনো কথা ফেলে নতুন ধারনাগুলোকে জাতীয় জীবনে, সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ায় ও সরকার পরিচালনায় এনেছি।”

অধ্যাপক ইউনূস বলেন, “এই সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। কীভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায়, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে।”

তিনি গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়ে বেঁচে আছেন, তাদের কাছে জাতি চির ঋণী।”

বঙ্গোপসাগরের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে এগোই, তবে বঙ্গোপসাগরের সম্পদকে কাজে লাগিয়ে কক্সবাজার, মাতারবাড়ি ও মহেশখালীকে নতুন সিঙ্গাপুরে পরিণত করা সম্ভব।”

এর আগে ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন, যা অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা নির্ধারণে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Previous articleবাংলাদেশকে গুঁড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ, সুখবর পেলেন ওমরজাই–জাদরান
Next articleজুলাই সনদে অনুপস্থিত দলগুলোর জন্যও স্বাক্ষরের সুযোগ থাকবে: ধর্ম উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here