বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর বড় সুখবর পেলেন আফগানিস্তানের তারকারা। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১১ উইকেট নেওয়া রশিদ খান উঠে গেছেন আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
সর্বশেষ প্রকাশিত আইসিসি হালনাগাদে উন্নতি হয়েছে আজমতুল্লাহ ওমরজাই ও ইব্রাহিম জাদরানেরও। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ফিরেছেন ওমরজাই। তিন ম্যাচে দুই শতাধিক রান করা জাদরান ব্যাটসম্যানদের তালিকায় আট ধাপ এগিয়ে এখন দুই নম্বরে। এক নম্বরে রয়েছেন ভারতের শুভমান গিল।
আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে দারুণ আত্মবিশ্বাসে তারা।
রশিদ শুধু বোলারদের নয়, অলরাউন্ডারদের তালিকাতেও এগিয়ে এখন চতুর্থ স্থানে। ফলে ওয়ানডের তিন বিভাগেই আফগান খেলোয়াড়দের দাপট।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে ভারতের ২–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর। ওপেনার যশস্বী জয়সওয়াল দুই ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে, আর স্পিনার কুলদীপ যাদব উঠেছেন ১৪তম স্থানে।






















































