শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

0
209

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হয়। ট্রাইব্যুনাল আগামী ১২ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ঠিক করেছে।

তদন্ত কর্মকর্তা জানান, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪১ জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার হয়েছিল। আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিপুল প্রমাণ ও তথ্যচিত্রও সংগ্রহ করা হয়।

এ মামলায় নিহতদের পরিবার, আহত ব্যক্তি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমানসহ মোট ৫৪ জন সাক্ষী শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগপত্রে রয়েছে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮, দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠা।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, “আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি। যুক্তি উপস্থাপনের সময় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হবে।”

Previous articleসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ
Next article১৬ অক্টোবরের মধ্যে জুলাই সনদে দলগুলোর স্বাক্ষরের লক্ষ্য ঐকমত্য কমিশনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here