জাতীয় ঐকমত্য কমিশন আগামী ১৬ অক্টোবরের মধ্যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার বিকেলে কমিশনের তৃতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে তিনি বলেন, ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে। এরপর ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষর গ্রহণের কাজ সম্পন্ন করা হবে।
আলী রীয়াজ বলেন, “আমরা যখন ১১ সেপ্টেম্বর বৈঠক শুরু করি, তখন অনেকে সন্দেহ করেছিলেন আমরা এক জায়গায় পৌঁছাতে পারব কি না। এখন আমরা অনেক দূর এগিয়েছি, বাকি পথও সবাই মিলে অতিক্রম করতে পারব।”
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
“সব দলের ভিন্নমত একভাবে বিবেচনা করা যাবে না। তবে জনগণের সম্মতি নিশ্চিত করার সময় এসব মতভেদ যেন যথাযথভাবে জানানো হয়—সেটিই গণভোটের মূল উদ্দেশ্য,” বলেন তিনি।
আলী রীয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি সুস্পষ্ট প্রস্তাব দেয়, কমিশন সেটাই সরকারের কাছে উপস্থাপন করবে এবং চায় যে সেটিই বাস্তবায়িত হোক।























































