সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবিতে ফের বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ভিত্তি তৈরি করতে হবে। না হলে দেশ আবারও সংকটে পড়বে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন,
“একটি দল বারবার জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তারা বলছে, নির্বাচনের পর করা যাবে। অথচ তাদের কারণেই এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।”
তিনি আরও বলেন, “যারা এখন বলে নির্বাচনের পর সব সংস্কার মুছে দেবে, জনগণকে তাদের ভোটের মাধ্যমেই বিচার করতে হবে। এই সংস্কার যদি নির্বাচনের আগেই না হয়, তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে।”
জামায়াত নেতারা অভিযোগ করেন, আলোচনায় কোনো ফল না আসায় তারা রাজপথে নেমেছেন। “জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতেই আন্দোলন চলছে,” বলেন মিয়া গোলাম পরোয়ার।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান। তারা বলেন, অর্থবহ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর সেই সংস্কারের আইনি ভিত্তি তৈরি করতে হবে অবিলম্বে।
আজ রাজধানীতে জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ সাতটি ইসলামী রাজনৈতিক দল পৃথক বিক্ষোভ ও সমাবেশ করেছে। সব দলের প্রধান দাবি ছিল—জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালু ও সমান সুযোগ নিশ্চিত করা।























































