বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ইতোমধ্যেই ঘাটতি কমতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র এতে সন্তুষ্ট। তবে পাল্টা শুল্ক সরাসরি ১৫ শতাংশে নামানোর বিষয়ে নির্দিষ্ট আলোচনা হয়নি। ঘাটতি কমার সঙ্গে সঙ্গে শুল্কও আরও কমবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপিত আছে। বাংলাদেশ চাইছে এই হার অন্তত ১৫ শতাংশে নামিয়ে আনতে। এ বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছে মার্কিন প্রতিনিধি দল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধিরা এই সফরে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবেন।
গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ৩৭ থেকে কমিয়ে ২০ শতাংশ কার্যকর করে। তবে এ নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আগেই জানিয়েছিলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে।
আজকের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















































