আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মহোৎসবের আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল ভোট নয়, হবে জাতির নবজন্ম।
আজ রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ‘আমরা বারবার বলেছি—ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহোৎসবের নির্বাচন। যদি আমরা ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তবে এই নির্বাচন হবে জাতির নবজন্ম।’
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। বিভাজন বা দ্বিমতের আর কোনো জায়গা নেই।
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। চাইলে আমরা ছোট কিছু অর্জন করতে পারি, চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়তে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না।’
আগামী নির্বাচনকে ঘিরে তিনি রাজনৈতিক নেতাদের ধৈর্য ধরে আলোচনায় থাকার আহ্বান জানান। তার ভাষায়, ‘আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। এ নির্বাচন হবে দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা।’
তিনি সতর্ক করে বলেন, ব্যর্থতার কোনো সুযোগ এবার নেই। ‘ঐকমত্যের এই পথেই আমাদের এগোতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা জাতির মহোৎসব শুরু করব।’
বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।






















































