নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শেষ দিনে সরব ছিল পুরো ক্যাম্পাস। লিফলেট বিতরণ, স্লোগান আর প্রতিশ্রুতিতে মুখর ছিলেন প্রার্থীরা। রবিবার রাত ১১টার মধ্যেই শেষ হয়েছে প্রচারণা।
আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদসহ মোট ৪১ পদে ভোট হবে।
ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
প্রচারণার শেষ দিনে টিএসসি, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভিসি চত্বরজুড়ে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়েছে। হলগুলোতেও প্রার্থীরা কক্ষে কক্ষে গিয়ে সমর্থন চান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইরাজ নূর বলেন, “চার বছরে এমন উৎসবমুখর পরিবেশ খুব কমই দেখেছি।”
শপথ নিল ছাত্রদল সমর্থিত প্রার্থীরা
দুপুরে কলাভবনের পাশের ঐতিহাসিক বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা শপথ নেন। নিরাপদ ও দমনমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার পাঠ করা হয়।
হাসপাতালে থেকেও প্রচারণায় মেঘমল্লার
‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে প্রচারণায় অংশ নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যাকে খুশি ভোট দিন, তবে অবশ্যই ভোট দিতে আসবেন।”
স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয়
ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রচারণা চালান। ফেসবুকে তিনি লেখেন, “আজকের প্রতিক্রিয়া আমাকে আশান্বিত করছে।”
বুথ সংখ্যা বাড়ল
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, ভোটারদের সুবিধার্থে বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচন নিয়ে গুজব ছড়ালে গুরুত্ব না দিয়ে সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের জানান।”
আচরণবিধি ভঙ্গের অভিযোগ
আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এ পর্যন্ত কয়েকটি অভিযোগে সতর্কতা ও দু-একটি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।























































