গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নূরের স্ত্রী মারিয়া আক্তার এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। মারিয়া আক্তার জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙা এবং চোয়াল ও মেরুদণ্ডে আঘাত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত চলছে।”
সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। গেজেট আগামীকাল প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে।























































