বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “বাংলাদেশ যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে, সেহেতু তারা (পাকিস্তান) আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী দিনে সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেছেন।”
সার্ককে (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) কীভাবে গতিশীল করা যায়—এ প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, “সুযোগ এলে সেটা দেখা যাবে। বিএনপিও সার্ককে কার্যকর করার জন্য যথাযথ ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ইসহাক দারের সঙ্গে কুশল বিনিময় ও বিভিন্ন স্মৃতিচারণমূলক আলাপ হয়। “খালেদা জিয়া তার অসুস্থতার কথা জানান। পাশাপাশি দুই দেশের অতীত সম্পর্ক, সার্ক প্রতিষ্ঠাকালীন সময় ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও আলোচনা হয়,” বলেন জাহিদ।
দুদেশের সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছেন।”






















































