ভারতে আওয়ামী লীগের অফিস দ্রুত বন্ধের আহ্বান ঢাকার

0
156

ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীরা ভারতের মাটিতে অবস্থান করে কার্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এটি বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সরকারের নজরে এসেছে যে আওয়ামী লীগ ভারতের ভেতরে রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এমন সময়ে এই ঘটনা ঘটছে যখন ‘ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ’ সৃষ্টি হয়েছে। এতে বলা হয়, এই কার্যক্রম চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতের মাটিতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের স্থাপিত কার্যালয় দ্রুত বন্ধ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অবস্থায় ভারতের ভেতরে রয়েছেন।

এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের ২১ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর আড়ালে ওই দলের কিছু সিনিয়র নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করে এবং সাংবাদিকদের মাঝে প্রচারপত্র বিতরণ করে।

বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে, যেখানে দলের ‘ভারত থেকে কার্যক্রম পরিচালনার ক্রমবর্ধমান পদক্ষেপ’ নিশ্চিত করা হয়েছে।

Previous articleজুলাইয়ে রাজস্ব আদায়ে ঘাটতি, প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি
Next articleআলপির জোড়া গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here