আলপির জোড়া গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

0
74

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা অভিযানের শুরুটা জয় দিয়ে করল বাংলাদেশ। বুধবার ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগ পদ্ধতির উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে সৌরভি আক্তার প্রীতি গোল করার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আলপি আক্তার। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন রিনজিন দেমা চোডেন।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে। সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ, তবে পরিচিত মাঠে ভুটানও প্রতিপক্ষকে চাপে রাখে। শেষ পর্যন্ত লাল-সবুজের মেয়েরাই মাঠ ছেড়েছে হাসি মুখে।

প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। আরিফা আক্তারের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় ভুটানের রক্ষণভাগ, ফাঁকা জালে শরীর ঠেলে বল পাঠান প্রীতি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে অসাধারণ নৈপুণ্যে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। সতীর্থের লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। এরপর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষক ওয়াংমোকে পরাস্ত করেন। কিছুক্ষণ পর আবারও লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন আলপি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইতোমধ্যে উড়ন্ত সূচনা করেছে ভারতীয় মেয়েরা।

Previous articleভারতে আওয়ামী লীগের অফিস দ্রুত বন্ধের আহ্বান ঢাকার
Next articleগাজা সিটির ‘দখল’ নিতে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকল ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here