কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0
160

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে সংগঠনটির সব শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনের নামে অপকর্ম রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে চলমান ইস্যু নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রিফাত রশিদ বলেন, ‘গতকাল এবং এর আগের অনেক ঘটনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। যেদিন আমরা আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম—এই ধরনের কিছু বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এসব কর্মকাণ্ড দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণ করাও আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কমিটির কার্যক্রম আজ (রোববার) থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত থাকবে।’

সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে রিফাত বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামীর সাংগঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেজন্য আমরা বসব এবং একটি রূপরেখা তৈরি করব।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকের পর থেকে যারা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা আহ্বান জানাচ্ছি। কোনো সহায়তার প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।’

Previous articleদেখে নিন বাংলাদেশের ম্যাচসহ এশিয়া কাপের সূচি
Next articleপ্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ছাড়াল ৪ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here