গত ১৬ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তার অনেকটাই ছিল ‘প্রতারণামূলক বিনিয়োগের ফাঁদ’—এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, অতিমূল্যায়িত ও অপ্রয়োজনীয় প্রকল্পগুলো এখন জাতীয় অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ জুন) অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “আমরা কর্ণফুলী টানেল হোক বা অন্য কোনো প্রকল্প—এমনসব বিনিয়োগ করেছি, যেখানে এক টাকার জিনিস ২০ টাকায় করা হয়েছে। এগুলো ছিল ‘ফ্যালাসি ইনভেস্টমেন্ট’।”
তিনি বলেন, এইসব বিনিয়োগ শুধু ঋণের চাপই বাড়ায়নি, পরিবেশগত ক্ষতির দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলেছে। “এখন আমাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে স্থানীয় ও বৈদেশিক ঋণ পরিশোধ—এটা দীর্ঘমেয়াদে টেকসই নয়,” যোগ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, তিনি তাঁর মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিচ্ছেন। এমনকি যেসব প্রকল্পে ৭০-৮০ শতাংশ ব্যয় হয়ে গেছে, সেগুলো নিয়েও পুনর্বিবেচনার পথে হাঁটছেন।
বার্তা স্পষ্ট: অকার্যকর উন্নয়ন নয়, টেকসই প্রবৃদ্ধির দিকেই এগিয়ে যেতে চায় সরকার।






















































