পঞ্চগড় প্রতিনিধি | ১০ জুন ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন চলতি মাসের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করবে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, “নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলের নিবন্ধন প্রয়োজন। আমরা আশা করছি, ১৫ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারব। ইতোমধ্যে প্রয়োজনীয় ১০০টি উপজেলা এবং প্রায় ২২টি জেলায় কমিটি গঠিত হয়েছে। দলের অফিস নেওয়ার প্রক্রিয়াও চলছে।”
তিনি আরও বলেন, “আমরা নিয়ম মেনে, যথাসময়ে নিবন্ধনের সকল প্রক্রিয়া শেষ করব। সাংগঠনিক ভিত্তি মজবুত করতে রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করছি।”
নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “যদি মৌলিক সংস্কার— যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আসে, তাহলে আমরা নির্বাচনের তারিখ যাই হোক অংশ নিতে প্রস্তুত। এপ্রিলেও নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই।”
বাংলাদেশের নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, কালো টাকা ও পেশীশক্তির প্রয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে সারজিস বলেন, “আমরা এমন একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই যেখানে সব দল— বড় হোক বা ছোট— সমান সুযোগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।”
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আগামী দিনের নির্বাচনগুলো যেন ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি কিংবা সহিংসতার মতো ঘটনায় কলুষিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে নিরপেক্ষ ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা এবং পূর্ববর্তী সরকারের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনগতভাবে কঠোর অবস্থান নিতে হবে। আমরা চাই এই সরকার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুক।”
তিনি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করছি এবং আশা করছি, তারা সাহসী অবস্থান বজায় রাখবে।”























































