বাংলাদেশের অবকাঠামো অর্থায়নে ঘাটতি কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
আজ বৃহস্পতিবার সিটি ব্যাংক পিএলসি’র সঙ্গে দুই বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের এই ঋণচুক্তি সই হয়। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন এবং এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।
এটি বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের জন্য এআইআইবি’র প্রথম অন-লেন্ডিং সুবিধা, যা কোনো সার্বভৌম গ্যারান্টি ছাড়াই দেওয়া হচ্ছে।
চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন এবং এআইআইবি’র গ্লোবাল ডিরেক্টর জেনারেল গ্রেগরি লিউ।
ঋণচুক্তি প্রসঙ্গে মাশরুর আরেফিন বলেন, “এআইআইবি ও এনডিবির সঙ্গে এই অংশীদারিত্ব শুধু সিটি ব্যাংকের প্রতি আস্থার প্রতিফলন নয়, বরং নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ বাড়িয়ে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে।”
এই অর্থায়ন বেসরকারি খাতের প্রকল্পে দীর্ঘমেয়াদী সহায়তা দেবে, বিশেষ করে জ্বালানি, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে।




















































