কারাগার থেকে বসেই শ্রমিকদের বকেয়া বেতন ও ব্যাংকের খেলাপি ঋণ শোধের জন্য সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। শনিবার জেলগেটে ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি পাওয়ার অব অ্যাটর্নি দলিলে স্বাক্ষর করেন।
গুলশান, আশুলিয়া ও নারায়ণগঞ্জের জমি-ভবন, রাজউকের একটি প্লটসহ প্রায় ৮৬ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে বলে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে। বিক্রির অর্থ থেকে প্রথমে প্রায় ২৫ হাজার শ্রমিকের বকেয়া বেতন দেওয়া হবে।
সরকার পরিবর্তনের পর থেকেই নাসা গ্রুপ কার্যত অচল হয়ে পড়েছে। ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রায় ৮ হাজার ৬৭৭ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে গ্রুপটির। জুলাই মাসের বেতন বাবদ এখনো ১১ কোটি টাকা বাকি।
মন্ত্রণালয় জানিয়েছে, সময়মতো শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।























































