শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

0
316

ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তারা ইতোমধ্যে খসড়া প্রতিবেদন পেয়েছেন এবং চূড়ান্ত প্রতিবেদন হাতে এলেই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, বিগত সরকার আমলে ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে সংঘটিত হত্যা, গুম ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ৩০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২৩টি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে ১৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং প্রায় ৫০ জন বর্তমানে আটক আছেন।

তিনি আরও জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার ঘটনাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন করা হয়, যেখানে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর, ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যার মাধ্যমে টানা ১৬ বছর ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলছে।

Previous articleব্যাংককে ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে
Next articleইউনূসের চীন সফর: বাংলাদেশ-ভারত সম্পর্ক ও কৌশলগত দিক পরিবর্তনের ইঙ্গিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here