ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, ‘আমরা তো কখনোই গোপন করিনি, আমরা চাই তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের মুখোমুখি করা যায়। ভারত থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া আসেনি। আমরা অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। তিনি আসুক বা না আসুক, বিচার থেমে থাকবে না।’
ভারত থেকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে। তবে এই মুহূর্তে তেমন কোনো প্রয়োজন দেখছি না।’






















































