রামিসা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

0
63

মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে শনিবার (২৩ মে) আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারার ক্ষমতাবলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এ মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং পেনাল কোডের ২০১ ধারায় দায়ের করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পুলিশ জানায়, শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে স্থানীয়রা আটক করলেও প্রধান আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলছে, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Previous articleবন্ধ কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
Next articleইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here