স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখেই ওষুধের দাম নির্ধারণ করতে হবে। যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে স্বাস্থ্যসেবা বিভাগ ও বিশ্বব্যাংক।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতের বিভিন্ন জায়গায় ভগ্নদশা দেখতে পেয়েছে। অনেক হাসপাতালে বছরের পর বছর রক্ষণাবেক্ষণ হয়নি, কোথাও যন্ত্রপাতির সংকট, কোথাও ওষুধের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ওষুধ কোম্পানির মুনাফার প্রয়োজন আছে, তবে এমন নীতিমালা হওয়া উচিত নয় যাতে ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো যায়। জনগণের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।























































