ব্যাটারদের নিয়ে মিরাজ: ‘কেন তাদের ওপর ভরসা করব না?’

0
104

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ২০০ রানও ছুঁতে পারেনি বাংলাদেশ। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাদমান ইসলাম মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও দুটি জীবন পেয়ে ক্রিজে টিকে আছেন, সঙ্গে রয়েছেন মুমিনুল হক।

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে তুলেছিল ২৭৩ রান। সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে তারা এখনও এগিয়ে আছে ২৫ রানে। দিনশেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলেছে ৫৭ রান। জয় ২৮ ও মুমিনুল ১৫ রানে অপরাজিত।

এই টেস্টে জয়ের আশা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের ব্যাটারদের ভালো সংগ্রহ গড়ে বোলারদের লড়াই করার রসদ দিতে হবে। প্রথম ইনিংসের ব্যর্থতা এবং দ্বিতীয় ইনিংসের নড়বড়ে শুরুর প্রেক্ষাপটে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে দলের ব্যাটারদের ওপর আস্থা রাখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে তিনি মনে করিয়ে দেন গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের একটি জয় স্মরণীয় উদাহরণ। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজে আমরা যে টেস্ট ম্যাচ জিতেছিলাম, দেখেছিলেন? ওই ম্যাচে আমরা প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে (আসলে ১৬৪) অলআউট হয়ে গিয়েছিলাম। পরে তাদের ১৪৫ রানে (১৪৬ রানে) অলআউট করে লিড পেয়েছিলাম। অথচ তাদের কিন্তু এক পর্যায়ে ৭০ রানে ১ উইকেট ছিল।”

মিরাজ আরও বলেন, “সেই ম্যাচ আমাদের অনেক কিছু শেখায়, আত্মবিশ্বাস জোগায়। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারি, ঘরের মাঠে তো আরও ভালো পারফর্ম করতে পারি। আমাদের দলে অভিজ্ঞ ব্যাটার আছে, যারা অনেক ম্যাচ খেলেছে। কেন তাদের ওপর ভরসা করব না?”

দ্বিতীয় ইনিংসে একটি ভালো সংগ্রহ গড়ে বোলারদের সহায়তা করতে চান মিরাজ। তিনি বলেন, “প্রথম ইনিংসে আমরা ভালো করতে পারিনি। তবে এই ইনিংসে এমন একটি স্কোর করতে চাই, যা বোলারদের পর্যাপ্ত রান দেবে এবং তারা নির্ভার থেকে ভালোভাবে বোলিং করতে পারবে।”

Previous articleকাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
Next articleঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হস্তক্ষেপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here